প্রবাসীর বাড়ি অবরুদ্ধের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামে সৌদিপ্রবাসী মামুন মোল্লার বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধের অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ছেংগারচর পৌর মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (১৮ অক্টোবর) যাতায়াতের পথ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে আবদুল হাই শিকদার বলেন, ‘জমি আমার। এখানে কবরস্থান রয়েছে। কবরস্থানের নিরাপত্তার জন্য বেড়া দিয়েছি।’

এই দিন সকালে গাজিরগাছখোলা গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা বলেন, প্রবেশমুখে বাঁশের বেড়া দেওয়ায় পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। স্কুলপড়ুয়া সন্তানদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানববন্ধনে ভুক্তভোগী মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তারের অভিযোগ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকছেন। অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে তারা বাড়িটি নির্মাণ করেছেন। বাড়িতে প্রবেশের জন্য গেট নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়।

আঁখি আক্তার বলেন, ‘আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। বেড়া দেওয়ার কারণে ছেলে সাইকেল নিয়ে বের হতে পারছে না। স্কুলে যেতে তাকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে।’

স্থানীয়রা জানায়, ঘটনাটি নিয়ে এলাকায় দুইটি পক্ষ তৈরি হয়েছে। তবে তারা অসহায় পরিবারের যাতায়াতের সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।