সকল ধর্মের নাগরিকদের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

বর্তমান সরকার দেশের সকল ধর্মের নাগরিকদের সমান সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলকদর খাল সংলগ্ন পশ্চিম চাম্বল বাংলা বাজার সর্বজনীন করুণাময়ী কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় পূজারী ও ভক্তদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা মণ্ডপের সভাপতি গুরুধন দাশের হাতে উপহার হিসেবে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, এর আগে সরকারিভাবে বরাদ্দকৃত ৬০০ কেজি চাল বিক্রির বিপরীতে এই মণ্ডপটির জন্য ২০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছিল।

মণ্ডপ পরিদর্শনকালে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামজীদুর রহমান তন্ময়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী এবং চাম্বল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া বাঁশখালী পূজা উদযাপন পরিষদ নেতা শেখর কুমার দত্ত, সঞ্জয় চক্রবর্তী মানিক, চাম্বল বাংলা বাজার সর্বজনীন করুণাময়ী কালী মন্দির পূজা মণ্ডপের সভাপতি গুরুধন দাশ ও সম্পাদক রতন দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরবর্তীকালে জেলা প্রশাসক বাঁশখালী পৌরসভার জলদীর ঐতিহ্যবাহী ‘শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ’, ‘সাধনপুর পল্লী মঙ্গল সমিতি মণ্ডপ’ এবং ‘বাণীগ্রাম জগন্নাথধাম সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ’ পরিদর্শন করেন এবং পূজা উদ্‌যাপনের সার্বিক খোঁজখবর নেন।