অপমানের প্রতিশোধ নিয়ে প্রতিপক্ষকে মেসির ইঙ্গিত, ‘এখনও ঘুরছ তুমি'

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে শনিবার এমএলএসে ইন্টার মায়ামির ৩-১ ব্যবধানের দুর্দান্ত জয়ের ম্যাচে আবারও সব আলো নিজের কেড়ে নিলেন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচে অসাধারণ দুটি গোল করেছেন তিনি। তবে এই ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দ্বিতীয় গোলটির পর মেসির একটি অপ্রত্যাশিত এবং রসাত্মক উদযাপন।

ম্যাচের দ্বিতীয় গোলটিতে লুইস সুয়ারেজের বাড়ানো লম্বা পাস ধরে আটলান্টার প্যারাগুয়ের ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে মুখোমুখি পান মেসি। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে মেসি প্রথমে ডিফেন্ডারকে এক দিকে, তারপর অন্য দিকে কাটিয়ে পুরোপুরি বিভ্রান্ত করে দেন। এরপর নিচু, কোণঘেঁষা শটে বল জালে জড়িয়ে ইন্টার মায়ামিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোলটি করার পরপরই সতীর্থ রড্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের চোখের সামনে গোল উদযাপন করেন মেসি, যা দেখে গোলরক্ষক কেবল মুচকি হাসা ছাড়া কিছুই করতে পারেননি। তবে আসল চমক ছিল আলোনসোর দিকে মেসির ইশারা! ক্যামেরায় দেখা যায়, মেসি আলোনসোর দিকে হাত হাত দিয়ে ঘূর্ণির ইঙ্গিত দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, সেই ইঙ্গিতের অর্থ ছিল, ‘এখনও ঘুরছ তুমি।’

 

মাঠে দুজনের এই রসিকতাপূর্ণ মূহুর্তের পেছনে ছিল এক মাসের পুরোনো একটি ঘটনা। এক মাস আগের এক ম্যাচে (যা ২-২ সমতায় শেষ হয়েছিল) আলোনসো মেসির একটি শট ব্লক করার পর মেসির চোখের সামনে এসে বেশ উগ্রভাবে উদযাপন করেছিলেন। তখন দুজনের মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়।
মায়ামি-আটলান্টার আগের ম্যাচে আলোনসোর সাথে মেসির কথা কাটাকাটি
মেসি যে সেই পুরোনো ঘটনাটি একদম ভুলে যাননি, মাঠের পারফরম্যান্স দিয়েই তা প্রমাণ করে দিলেন! তবে এবার অবশ্য বিতর্ক নয়, পুরো ঘটনাটি দুজনের হাসিমুখের মধ্য দিয়েই শেষ হয়।
 

 

 
ম্যাচ শেষে জোড়া গোলের নায়ক মেসি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জয়ের একটি ছবি পোস্ট করেন। সেই সঙ্গে ২০২৬ সালে এই মাঠেই ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনাল জয়ের স্মৃতিও স্মরণ করেন। পোস্টে মেসি লেখেন:

"@intermiamicf-এর সঙ্গে আরেকটি জয়, এমন এক স্টেডিয়ামে যা সম্প্রতি তৈরি হওয়া সুন্দর সব স্মৃতির কথা মনে করিয়ে দেয়..."