দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা

মানিকগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করবেন বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। তিনি বলেছেন, পূজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়ন সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন জেলা প্রশাসক।

পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে দৌলতপুর হরিসভা বেদান্ত মঠ, গাজী ছাইল কালীবাড়ি ও দৌলতপুর কালীবাড়িসহ কয়েকটি মন্দির।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে। জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমুখর পরিবেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সুমাইয়া এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকারসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট।