আন্তর্জাতিক মঞ্চে গবির রাশিদুলের জয়

ক্যানসার চিকিৎসায় এক মিলিমিটারের হিসাবও জীবন-মরণের ব্যবধান গড়ে দিতে পারে। সেই সূক্ষ্ম হিসাবের বিজ্ঞান মেডিকেল ফিজিক্স। এই কঠিন ক্ষেত্রে এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থী রাশিদুল ইসলাম। মালয়েশিয়ান অ্যাসোসিয়েশন অব মেডিকেল ফিজিক্স (এমএএমপি)-এর আয়োজনে গত ১০ ও ১১ অক্টোবর মালয়েশিয়ার এমএসইউতে অনুষ্ঠিত হয় ১৪তম ইন্টারন্যাশনাল সেমিনার অন মেডিকেল ফিজিক্স-২০২৬ (আইএসএমপি)। এই সেমিনারের রেডিওথেরাপি ট্র্যাকে ১২৭ জন অংশগ্রহণকারীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে ‘বেস্ট ওরাল প্রেজেন্টার অ্যাওয়ার্ড’ লাভ করেন রাশিদুল। তিনি গবির মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী। তার উপস্থাপনার বিষয় ছিল ‘ডোজিমেট্রিক ইমপ্যাক্টস অব আইজিআরটি-ডিটারমিন্ড ক্লিনিক্যাল শিফটস ফর লাং এসবিআরটি পেশেন্টস’। রেডিওথেরাপি ক্যানসার চিকিৎসার অন্যতম প্রধান হাতিয়ার, আর এর নির্ভুলতা নির্ভর করে মেডিকেল ফিজিক্সের ওপর।  টিউমারে সঠিক ডোজ পৌঁছানো আর সুস্থ কোষ বাঁচানোর এই লড়াইয়ে নিত্যনতুন গবেষণাই রোগীর নিরাপত্তা নিশ্চিত করে। আইএসএমপির মতো মঞ্চে নানা দেশের গবেষকের সামনে কাজ উপস্থাপন তাই শুধু প্রতিযোগিতা নয়, গবেষণার মানের আন্তর্জাতিক যাচাই। দেশে ক্যানসার রোগী ও রেডিওথেরাপির চাহিদা বাড়ছে, তাই এমন মঞ্চে বাংলাদেশি তরুণদের সাফল্য দক্ষ মেডিকেল ফিজিসিস্ট গড়ে ওঠারই ইঙ্গিত। একই সঙ্গে এখানে তৈরি হওয়া যোগাযোগ ভবিষ্যতে যৌথ গবেষণা ও উচ্চশিক্ষার পথ খুলে দিতে পারে।

শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়