অধিনায়ক নাহিদাকে অভিনন্দন জ্যোতির

একসঙ্গে নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তারের অধিনায়কত্বের সফর শুরু হয়েছিল। ২০২২ সালে বাংলাদেশ নারী দলের অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন জ্যোতি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পান নাহিদা আক্তার। ৪ বছর দায়িত্ব পালনের পর জ্যোতি টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশ ৮২ ম্যাচে নেতৃত্ব দিয়ে জ্যোতি পদত্যাগ করেন। তার জায়গায় বিসিবি নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে নাহিদা আক্তারকে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ উইকেট শিকার করা নাহিদা বেশ অভিজ্ঞ এবং পারফরম্যান্সে বরাবরই আদর্শ। ১১৩ ম্যাচে তার শিকার ১৩২ উইকেট। সেজন্য তার কাছ থেকে জ্যোতির চাওয়াটাও বেশি।

নিজের ফেসবুকে নতুন অধিনায়ক নাহিদাকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য বিদায়ী অধিনায়ক। একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন জ্যোতি। তিনি লিখেন ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন। নতুন এই দায়িত্বে তার জন্য রইল অনেক শুভকামনা। বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই, বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

জ্যোতি আরও লিখেন ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই। নতুন দায়িত্বের জন্য আবারও অনেক অনেক শুভকামনা, নাহিদা আক্তার।’ নাহিদার ডেপুটি হিসেবে আছেন সোবহানা মোস্তারি।

থাইল্যান্ডে নভেম্বরে নির্ধারিত আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস টি-টোয়েন্টি ট্রফি টুর্নামেন্ট দিয়ে নাহিদা ও সোবহানার নেতৃত্বের অভিষেক হবে। ১০টি দলের অংশগ্রহণে হবে খেলা। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিনজি ও ইউএইকে নিয়ে ‘এ’ গ্রুপ। বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে নিয়ে ‘বি’ গ্রুপ। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল থাইল্যান্ডে। দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেন্যু সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সপ্তাহে ভেন্যু চূড়ান্ত হবে বলে জানা গেছে।