কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে রৌপ্যজয়ের চ্যালেঞ্জ

প্রথমবারের মতো আয়োজিত কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী- দুই বিভাগেই অংশ নিচ্ছে বাংলাদেশ। আগে ১৪ দল অংশ নেওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে ভারতে এসে খেলবে না পাকিস্তান। তাই নারী ও পুরুষ দুই বিভাগেই রৌপ্যপদক পদক জয়ের চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাবাডি ফেডারেশনের সদস্য ও পুরুষ দলের ম্যানেজার দেলোয়ার হোসেন, ‘ভারতে খেলতে আসছে না পাকিস্তান। তাই দুই বিভাগেই রৌপ্যপদক জয়ের সম্ভাবনা রয়েছে আমাদের।’

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। তবে ম্যাচের দিন-তারিখ ও সময়সহ পূর্ণাঙ্গ ফিকশ্চার এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি। পুরুষদের বিভাগে বাংলাদেশ রয়েছে পুল ‘বি’-তে। এই পুলে বাংলাদেশের প্রতিপক্ষ কানাডা, কেনিয়া, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও সিঙ্গাপুর। অন্যদিকে পুল ‘এ’-তে রয়েছে স্বাগতিক ভারত, নাইজেরিয়া, মালয়েশিয়া, উগান্ডা, ইংল্যান্ড, তাঞ্জানিয়া ও শ্রীলঙ্কা। নারীদের বিভাগেও বাংলাদেশ খেলবে পুল ‘বি’-তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে কেনিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। পুল ‘এ’-তে রয়েছে ভারত, নাইজেরিয়া, সিঙ্গাপুর, উগান্ডা ও মালয়েশিয়া। দুই বিভাগেই গ্রুপপর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। সেখানে এক গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে অন্য গ্রুপের রানার্সআপের বিপক্ষে। দুই সেমিফাইনালের পরাজিত দল পাবে ব্রোঞ্জ পদক।

আয়োজকদের ওয়েবসাইটে আগে ২১ থেকে ২৭ অক্টোবর টুর্নামেন্টের কথা বলা হলেও পরবর্তী প্রকাশিত তথ্যে ২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। ফলে বাংলাদেশের ম্যাচের নির্দিষ্ট দিন ও সময় জানতে চূড়ান্ত ফিকশ্চারের অপেক্ষা করতে হচ্ছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে কাবাডির বিস্তার এবং ২০৩০ সালের কমনওয়েলথ গেমসে কাবাডিকে অন্তর্ভুক্ত করতে এই আয়োজনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।