পীরগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় লিখন (৩২) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল নামের আরেক পথচারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে পীরগঞ্জ উপজেলার বড়দরগা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধের কারণে ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ ২ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরবর্তীতে উপজেলা প্রশাসন,থানা ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে পীরগঞ্জ উপজেলার বড়দরগা মাজারের সামনে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে লিখন ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত হয় পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বাবুল। স্থানীয়রা আহত বাবুলকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

এদিকে লিখনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ও পথচারীরা রাস্তায় নেমে আসেন এবং মহাসড়ক অবরোধ করেন। ঘাতক ট্রাক চালকের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। অবরোধের ফলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানা ও বড়দরগাহ হাইওয়ে পুলিশ কর্মকর্তারা। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং ঘাতক ট্রাক ও তার চালককে দ্রুত আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দেন।

প্রশাসনের এই কার্যকরী পদক্ষেপ ও আশ্বাসের পর রাত সাড়ে দশটার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।বড়দরগাহ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, এ দুর্ঘটনার কারণে স্থানীয় লোকজন প্রায় ২ ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছিলের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও বড়দরগাহ হাইওয়ে পুলিশ উত্তেজিত জনতার সাথে কথা বলে মহাসড়ক চলাচল স্বাভাবিক করা হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান
রয়েছে।