ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার অর্থপাচার মামলায় গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের একটি দল। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারের পর দিলীপ কুমার আগরওয়ালাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সিআইডিতে একটি মামলার তদন্ত চলছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলার তদন্ত চলছে বলেও জানিয়েছে সিআইডি।

পুলিশ সূত্রে জানা গেছে, দিলীপ কুমার আগারওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে এসআরবি (র‌্যাব)। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় জামিন পাওয়ার পর গত বছরের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।