আজ দুর্গোৎসবের মহানবমী

মহাসমারোহে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উদযাপিত হয়েছে। গতকাল সোমবার ধর্মীয় আচার, কুমারী পূজা, সন্ধি পূজাসহ নানা আয়োজনে মহাষ্টমী উদযাপিত হয়। আজ মঙ্গলবার মহানবমী উদযাপিত হবে। গতকাল সকালে দুর্গা দেবীর মহাষ্টমীবিহিত পূজা, ব্রতোপবাস, আরাধনা, পুষ্পাঞ্জলি ও মহাষ্টমীর আকর্ষণ কুমারী পূজা অনুষ্ঠিত হয়। সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজাম-পে ঢাকের বোল, উলুধ্বনি, শঙ্খ এবং কাঁসরের তালে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মহানবমীতে শাস্ত্র অনুযায়ী পূজার্চনা, পুষ্পাঞ্জলি ও আরতিসহ নানা আয়োজন থাকছে। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে সকালে হবে দর্পণ বিসর্জন। এরপর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের ছয় দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

গতকাল মহাষ্টমীতে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রের বিধান অনুযায়ী, কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। শ্রী রামকৃষ্ণের কথামৃত অনুযায়ী, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্দি করাই কুমারী পূজার উদ্দেশ্য।

গতকাল সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে বাড়তে থাকে ভক্তদের ভিড়। ভোর থেকেই চ-ীপাঠ, পুষ্পাঞ্জলি আর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অষ্টমীর পূজা। সকাল পৌনে ১০টায় কুমারীকে আনা হয় ম-পে। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা, শঙ্খের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজাপ্রাঙ্গণ। পদ্মফুল হাতে দেবী পূজার আসনে বসার পর মন্ত্রপাঠ আর স্তূতিতে তার বন্দনা করা হয়। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তরা।

এবার পূজায় কুমারী রূপে দেবীর আসনে বসেছিলেন ৬ বছর বয়সী ইর্যা চক্রবর্তী, শাস্ত্রীয় নাম উমা। তার বাবার নাম অনিক চক্রবর্তী এবং মায়ের নাম শর্মিলা চক্রবর্তী। ইর্যা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ বলেন, ‘কুমারী পূজা আমাদের দুর্গাপূজার একটি আবশ্যকীয় অঙ্গ। বেলুর মঠে এবং ঢাকার রামকৃষ্ণ মঠে এবং অন্য আমাদের মঠ-মিশন কেন্দ্রগুলোয় কুমারীকে পূজা করা হয়ে থাকে দেবী দুর্গারজ্ঞানে। সেই মা দুর্গার জ্ঞানে আমরা কুমারীকে পূজা করলাম।’

হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। শাস্ত্রমতে, এক বছর বয়সী কন্যাকে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কলিকা, পাঁচে সুভাগা, ছয়ে উমা, সাতে মালনী, আটে কুজিকা, নয়ে কালসন্দর্ভা, দশে অপরাজিতা, এগারোয় রুদ্রানী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দতে পীঠ নায়িকা, পনেরোতে ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছরে তাকে অন্নদা নামে অভিহিত করা হয়।

মহাষ্টমীতে পূজাম-পগুলোতে মানুষের ঢল নামে। নতুন পোশাক ও সাজে মানুষের পদচারণায় মুখর ছিল ম-পগুলো।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজাম-পে দুর্গাপূজা হচ্ছে। অন্যদিকে, ঢাকা মহানগরীতে ২৫৮টি ম-পে পূজার আয়োজন থাকছে, যা গতবার ছিল ২৬১টি। রাস্তার মধ্যে পূজা আয়োজনের অনুমতি না মেলায় ঢাকা মহানগরীতে এবার পূজাম-পের সংখ্যা তিনটি কমে গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশনায় প্রতিটি পূজাম-পের নিরাপত্তার দায়িত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে।