পানাম নগরী ও জাদুঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তিনি বাংলার প্রাচীন স্থাপনা ঐতিহাসিক পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর দেখে মুগ্ধ হন।

গতকাল সোমবার সকালে তিনি সোনারগাঁওয়ের দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। এ ছাড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানিপল্লীও পরিদর্শন করেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহববুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিকসহ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহববুল আলম বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জামদানিপল্লী ঘুরে জামদানি শিল্পীদের হাতের বোনা তৈরি জামদানি শাড়ির কারুকাজ দেখে মুগদ্ধতা প্রকাশ করেন। সময় স্বল্পতার কারণে বড় সরদারবাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করেননি। পরে আবারও এখানে আসবেন বলে জানিয়েছেন।

পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান বলেন, অল্প সময় মার্কিন রাষ্ট্রদূত পানাম নগরীতে অবস্থান করেন। তিনি তার পরিবার নিয়ে পানাম নগরী ঘুরতে এসেছিলেন। বলা যায়, এটা একটা পারিবারিক সফর। তিনি ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে পানাম নগরীর বিভিন্ন ভবন ঘুরে দেখেন।