পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঢাকা দক্ষিণে হবে ১৭ ভবন

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট দূরীকরণে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরির সংস্থানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

গতকাল সোমবার বিকেলে দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন। বিকেলে দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ অনুদান বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রতিটির জন্য ২ হাজার টাকা এবং তাদের স্থানীয় দুটি মন্দিরে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। তাদের আবাসন সংকট নিরসনে দয়াগঞ্জে নতুন দুটি ভবনসহ ঢাকা দক্ষিণে আরও ১৭টি ভবন করার পরিকল্পনার কথাও জানান তিনি।