জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ এপ্রিলে

বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে কর্মসংস্থান-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। প্রাথমিকভাবে ৫ বছরের জন্য চুক্তি হলেও পরে স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

গতকাল সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) শীর্ষক একটি চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় পুলিশ সংস্থার প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন। প্রায় এক বছর আলোচনার পর বাংলাদেশ ও জাপান সরকার চুক্তিটি চূড়ান্ত করে। চুক্তির আওতায় জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। নারী ও পুরুষের সমান কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে। এ ছাড়া গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা বৈষম্যের শিকার করা যাবে না। এসব কারণে তাদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠানোর বাধ্যতামূলক বিধানও রাখা হয়নি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এ উদ্যোগ দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।