এসআরবি পরিচয়ে তুলে নেওয়া ব্যবসায়ীর সন্ধান নেই

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রেমবাজারের ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানের তিন দিনেও সন্ধান পাওয়া যায়নি। তাকে এসআরবি পরিচয়ে দিয়ে হাতকড়া পরিয়ে তুলে নেওয়া হয়। এ নিয়ে পরিবারের মধ্যে শঙ্কা বিরাজ করছে। তাকে উদ্ধারের জন্য স্থানীয় ব্যবসায়ীও এলাকাবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করলেও পরে অজ্ঞাত কারণে তা স্থগিত করা হয়। হাসান পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার তেরিয়াকাটা গ্রামের হাজী নুরুল কবিরের ছেলে। প্রেমবাজারের আব্দুল্লাহ এন্টারপ্রাইজের মালিক তিনি। সূত্রমতে, হাসানকে গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে বাবার অপেক্ষায় দিন কাটছে হাসানের দুই সন্তানের। স্বামীর ফিরে আসার অপেক্ষায় প্রহর গুণছেন অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে সায়মা আক্তার। হাসানের ছোট ভাই মো. হোসাইন বলেন, ‘তিন দিন পার হয়ে গেলেও আমার ভাইয়ের কোনো সন্ধান পাচ্ছি না। মা-বাবা ও তার সন্তানরা উৎকণ্ঠায় আছে। তাকে উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই।’

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন এহসান।