কুড়িগ্রামে নাতির হাতে দাদা খুনের অভিযোগ

কুড়িগ্রাম জেলার উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, তার নাতি তাকে হত্যা করে পালিয়ে গেছেন।

নিহত বাচ্চু মিয়া রংপুরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। তিনি রংপুর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মঙ্গলবার রাতের কোনো একসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। পরে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।