জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি মৌসুমে ব্যাট হাতে প্রথম ডাবল সেঞ্চুরির দারুণ কীর্তি গড়েছেন রাজশাহী বিভাগের তরুণ বাঁহাতি ব্যাটার নাঈম আহমেদ। তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে বরিশালের বোলারদের ওপর দাপট চালিয়ে এই অবিচল ও অনবদ্য ইনিংস উপহার দেন তিনি।
২৬৭ বল মোকাবেলা করে ২৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০২ রানে অপরাজিত থাকেন নাঈম। তার এই ব্যক্তিগত মাইলফলক স্পর্শের পরপরই রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। সেখানে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই মুহূর্তে বরিশালের সংগ্রহ ২৬ ওভারে ১ উইকেটে ১১৩ রান। আগের ইনিংসে ২২৯ রানে অলআউট হয়েছিল তারা। এতে সব মিলিয়ে এখনো ১১৫ রানে পিছিয়ে আছে বরিশাল।
দ্বিতীয় দিনের ১৭৬ রানের সন্তোষজনক পুঁজি নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন নাঈম। সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার অপেক্ষায় থাকা এই ওপেনার শেষ পর্যন্ত ৮৪৯ মিনিট মাঠে থেকে ১০৩তম ওভারে পেসার কামরুল হাসান রাব্বির বলে বাউন্ডারি হাঁকিয়ে এনসিএলের চলতি মৌসুমের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের ষষ্ঠ ম্যাচে এসেই এই অনন্য ইনিংস খেললেন নাঈম, সঙ্গে এটি তার প্রথম সেঞ্চুরি পেরোনো ইনিংস।
এর আগে রাজশাহীর হোম গ্রাউন্ডে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে দিয়েছিল চতুর্থ উইকেটে নাঈম ও সাব্বির রহমানের দারুণ জুটি। সাব্বিরের সাবলীল ৮৬ রান এবং পরবর্তীতে মেহেরব হোসেনের দায়িত্বশীল ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে চালকের আসনে বসে রাজশাহী বিভাগ। পরে নাঈমের অপরাজিত ২০২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।