পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়। 
 
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালান লৌহজং ও শ্রীনগর উপজেলা প্রশাসন।
 
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান আটক জেলেদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়।
 
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মালেক খসরু খান, মাওয়া কোস্টগার্ডের সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।