শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সব সময় আমাদের এই সম্প্রীতিটাকে অতীতের মতো বজায় রাখছি। আমাদের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার ত্রিনয়নী শিববাড়ী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।  এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই শারদীয় উৎসব উদযাপনের জন্য রংপুর, রাজশাহী, চট্টগ্রামে আজকে একই দিনে তিন জায়গায় যাচ্ছেন। ​আমরাও আমাদের দায়িত্বপ্রাপ্ত যেসব জেলায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী, হুইপ প্রত্যেকেই প্রত্যেকের এবং আমাদের সংসদ সদস্যরা যার যার নির্বাচনী এলাকায় শারদীয় উৎসব যাতে সুন্দর, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে সরকার এবং জনপ্রতিনিধিরা একই সাথে কাজ করছেন। ​আমার বিশ্বাস, আমাদের এই সম্প্রীতি যেন সমৃদ্ধশালী হয়। তো আমরা আগামী দিনগুলোতে প্রার্থনা করবেন সৃষ্টিকর্তার কাছে, আমাদের এই দেশ যেন সুন্দর এবং শান্তির দেশে পরিণত হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, গতকাল সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি এবং আজ মৌলভীবাজারে এসেছি। এবারের দুর্গাপূজা আগের বছরের তুলনায় অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী এবার পূজা উদ্‌যাপনে আরও বেশি সহযোগিতা করেছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। বাংলাদেশি হিসেবে সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি আরও সমৃদ্ধ হবে।

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহমান রিপন ও সিনিয়র সদস্য এম এ মুকিত। এ ছাড়া ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মন্দির পরিচালনা কমিটির সদস্য, দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার শ্রীশ্রী নতুন কালীবাড়ি মন্দির ও মহেশ্বরী পূজামণ্ডপ এবং শ্রীমঙ্গল উপজেলার শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালিবাড়ী, শাপলাবাগ পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করেন। শ্রীমঙ্গল উপজেলার দুর্গামন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, পূজা উদযাপন পরিষদের নেতারা।