কুড়িগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টায় গ্রেপ্তার নাতি

কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় তার চাচাতো নাতি রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পরে সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর চাচাতো নাতি রাব্বির বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে।

পরে পুলিশ অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি ছুরি উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা জানান, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে বাচ্চু মিয়াকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।