ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের সমর্থকদের অন্তত ২০টি বসতঘর ও ৫টি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পর্যন্ত কাশিপুর গ্রামের দুটি গ্রুপ থেমে থেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জানায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলায় ওই গ্রামের রেজাউল ইসলাম নামের এক প্রভাবশালী ব্যক্তি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। গত স্থানীয় নির্বাচনের পর রেজাউল ইসলামসহ তার সমর্থকরা বাড়ি ঘরে ফিরতে শুরু করে। এতে স্থানীয় মখলেছ হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মকলেছ হোসেনের সঙ্গে রেজাউল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। উভয়ের সমর্থকরা পূর্ববিরোধের জেরে সোমবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার সকাল থেকে উভয়পক্ষের লোকজন থেমে থেমে মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুলফিকার আলী বলেন, দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।