২৫ বছর আগে ২০০১ সালে মুক্তি পায় গৌতম মেনন পরিচালিত বলিউড সিনেমা ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। সিনেমাটিতে রিনা চরিত্রে অভিনয় করেন দিয়া মির্জা এবং ম্যাডি চরিত্রটি করেন অভিনেতা মাধবন। মুক্তির সময় বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি সিনেমাটি। পরে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে তরুণ দর্শকের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে এটি। প্রেমের গল্প ও গান সিনেমাটিকে আলাদা পরিচিতি দিয়েছে।
সম্প্রতি সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘স্ক্রিন স্পটলাইট’ নামক একটি বিশেষ সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন দিয়া। তার কথায়, এত বছর পেরিয়ে গেলেও কোনো নির্মাতা তাকে আর মাধবনের সঙ্গে জুটি করে সিনেমায় নেওয়ার কথা ভাবেননি। বিষয়টিকে দুঃখজনক বলে মনে করেন তিনি। দিয়া বলেন, ‘মাধবনের সঙ্গে আবার কাজ করতে চান তিনি। তবে সেটি ‘রেহনা হ্যায় তেরে দিল মে’র দ্বিতীয় কিস্তি হতে হবে, এমন কোনো শর্ত নেই। প্রেমের গল্প হলে অন্য সিনেমাতেও একসঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। দর্শক তাদের জুটিকে আবারও গ্রহণ করবেন বলে তার বিশ্বাস।’
মাধবনকে নিয়ে দিয়া জানান, ‘সময়ের সঙ্গে দুজনই বদলেছেন। অভিনয়জীবনে আরও অভিজ্ঞ হয়েছেন তারা। এখন আবার একসঙ্গে পর্দায় কাজ করলে অভিজ্ঞতাটি হবে অন্য রকম। মাধবনের অভিনয় ও ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন তিনি।