উত্তাল দিল্লি, সরব তারকারা

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

আবার উত্তাল ভারত। দেশটির তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে পরিচিতি পাওয়া এই আন্দোলন এখন শিক্ষা খাতের অনিয়ম, তরুণদের ভবিষ্যৎ এবং ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে। আর দেখা গেছে বিভিন্ন আন্দোলন কেন্দ্র করে কথা বলেছেন শোবিজ তারকারা। ভারতে ভোটাধিকার, শিক্ষার্থীদের দাবি ও গণতন্ত্র নিয়ে প্রতিবাদের মঞ্চে একের পর এক যুক্ত হচ্ছেন চলচ্চিত্র ও বিনোদনজগতের পরিচিত মুখেরা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিভিন্ন কর্মসূচিতে কখনো সরাসরি বিক্ষোভে, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে সংহতি জানাচ্ছেন তারা। শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ, প্রকাশ রাজ থেকে শুরু করে ধ্রুব রাঠি তারকাদের এমন অংশগ্রহণে আলোচনায় এসেছে আন্দোলনটি। 

শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে দেওয়া হয়েছে বিক্ষোভের ডাক। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সরব হয়েছেন চলচ্চিত্রজগতের একাধিক পরিচিত মুখ। কেউ সরাসরি বিক্ষোভে অংশ নিয়েছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনটির কর্মসূচি এখন শুধু শিক্ষার্থীদের দাবি কিংবা শিক্ষা খাতের অনিয়মের অভিযোগে সীমাবদ্ধ নেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর), ভোটাধিকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা।

গত ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপির আয়োজিত সমাবেশে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে নাগরিকদের সচেতন থাকার বিষয়টি উঠে আসে তার অংশগ্রহণে। একই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে তার আলিঙ্গনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান প্রকাশ করে আসছেন শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহ। তাদের উপস্থিতিকে আন্দোলনকারীদের প্রতি সাংস্কৃতিক অঙ্গনের সংহতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মুম্বাইয়ের ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন নির্মাতা বিশাল ভরদ্বাজ, সংগীতশিল্পী বিশাল দাদলানি ও অভিনেতা অতুল কুলকার্নি।

আন্দোলনের সাম্প্রতিক আলোচিত কর্মসূচিগুলোর একটি অনুষ্ঠিত হয় ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে। সেখানে অভিনেতা প্রকাশ রাজ ও ইউটিউবার ধ্রুব রাঠি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে বিক্ষোভে অংশ নেন। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, কর্মসূচিটির মূল দাবি ছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বাতিল এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। প্রকাশ রাজের বক্তব্য, এসআইআর কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয় নয় এর সঙ্গে নাগরিকের মর্যাদা ও ভোটাধিকার জড়িত। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগই তাদের একমাত্র লক্ষ্য নয়, পুরো এসআইআর প্রক্রিয়াটি বাতিল করতে হবে।

অন্যদিকে, ধ্রুব রাঠি নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবের অভিযোগ তোলেন। তার বক্তব্য, এই আন্দোলনে অংশ নেয়ার উদ্দেশ্য সরকার পরিবর্তন নয়। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার বিষয়ে আন্দোলনকারীদের অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা তথ্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। আন্দোলনের প্রতি সমর্থন জানাতে সব তারকাকে রাস্তায় নামতে দেখা যায়নি। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ভিডিও শেয়ার করে বা তাতে প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। দিয়া মির্জা ও কঙ্কনা সেনশর্মা শাবানা আজমির শেয়ার করা প্রতিবাদের ভিডিও পুনরায় পোস্ট করেন। রিচা চাড্ডা, টুইঙ্কল খান্না, জোয়া আখতার, শিবানী আখতার, তারা শর্মা সালুজা ও সাবা পাতৌদিও ওই ভিডিওর মন্তব্য বিভাগে প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অংশগ্রহণের ফলে আন্দোলনসংক্রান্ত বক্তব্য ও কর্মসূচি আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত