ট্রাফিক পুলিশের মামলা দেওয়াকে কেন্দ্র করে মব সৃষ্টি ও অশালীন মন্তব্য, গ্রেপ্তার ১

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে মোটরসাইকেল চালককে জরিমানা আরোপ করার সময় মব সৃষ্টি এবং সরকার ও পুলিশ বাহিনীকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে শহিদুল ইসলাম (৩৫) নামের ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রাফিক সবুজবাগ জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট খিলগাঁও রেলগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে তিনি একটি মোটরসাইকেল থামিয়ে বিধি মোতাবেক কাগজপত্র যাচাই করেন। কাগজপত্র যাচাইকালে দেখা যায়, মোটরসাইকেলটির ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং সেটির মালিকানা পরিবর্তন করা হয়নি। এছাড়া চালক তার ড্রাইভিং লাইসেন্স প্রদর্শনেও ব্যর্থ হয়।

আইন অনুযায়ী ট্রাফিক মামলা ও জরিমানা আরোপের প্রক্রিয়াকালে চালক শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি উপস্থিত জনসমক্ষে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে ‍উচ্চস্বরে অশালীন মন্তব্য করে এবং ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে 'মব' তৈরির অপচেষ্টা চালায়।

কর্তব্যরত পুলিশ সার্জেন্ট সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে চালক শহিদুলকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাহানপুর থানায় হস্তান্তর করেন। একই সাথে মোটরসাইকেলটি বিধি মোতাবেক জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত চালককে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।