ট্রাম্পের প্রতি সমর্থন রেকর্ড পরিমাণ কমেছে : জরিপ

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন রেকর্ড পর্যায়ে নেমে গেছে। গতকাল সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনসমর্থন কমে ৩১ শতাংশে নেমেছে, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন।

জ্বালানির উচ্চমূল্যের কারণে মার্কিনদের উদ্বেগ বাড়ছে এবং আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে শাস্তি দিতে যাচ্ছেন বলে জরিপে ইঙ্গিত মিলেছে।

জরিপে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের মাত্র ৩১ শতাংশ বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজে তারা সন্তুষ্ট। দুই সপ্তাহ আগের তুলনায় এ হার ১ শতাংশ পয়েন্ট কমেছে। ট্রাম্প দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়ে এটিই তার জনসমর্থনের সর্বনিম্ন হার।

জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল, আজ কংগ্রেস নির্বাচনে ভোটগ্রহণ হলে কোন দলকে ভোট দেবেন? এ প্রশ্নের জবাবে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন।

রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৫ শতাংশ। দুই দলের মধ্যে ব্যবধান ১২ শতাংশ পয়েন্ট, যা চলতি নির্বাচনী চক্রে সর্বোচ্চ। এতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সম্ভাবনা বাড়তে পারে।

কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়তে পারে। দুই সপ্তাহ আগের জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ সমর্থন নিয়ে রিপাবলিকানদের চেয়ে ৭ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। তখন রিপাবলিকানদের সমর্থন ছিল ৩৭ শতাংশ।

রিপাবলিকান প্রার্থীদের জনসমর্থন কমার পেছনে নারী ভোটারদের মনোভাব পরিবর্তন বড় ভূমিকা রেখেছে। জরিপে নারী ভোটারদের ৫০ শতাংশই ডেমোক্র্যাটদের ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানদের ভোট দিতে চায় ৩২ শতাংশ নারী। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে, যদিও ব্যবধান কম।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা শুরুর পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। এই যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে, যার চাপ পড়েছে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর ব্যয়ে।

জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক অর্থনীতি সামলানোর ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মধ্যে ৩৭ শতাংশ নিজেদের রিপাবলিকান বলে পরিচয় দিয়েছেন। অনলাইনে পরিচালিত এই জরিপে ১,৬৭৯ জন মার্কিনি অংশ নেন। এর মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১,২৭৯ জন। জরিপে সব উত্তরদাতার ক্ষেত্রে ভুলের সীমা ২ শতাংশ পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ পয়েন্ট।