স্বাধীনতার প্রস্তাব প্রত্যাখ্যান কানাডার সঙ্গে থাকছে আলবার্টা

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ এএম

কানাডা থেকে আলাদা হচ্ছে না আলবার্টা প্রদেশ। গতকাল মঙ্গলবার প্রকাশিত গণভোটের ফলাফলে দেখা গেছে, অধিকাংশ ভোটার একত্রে থাকার পক্ষে রায় দিয়েছেন।

প্রদেশটির স্বাধীনতার প্রশ্নে আলাদা করে ‘বাধ্যতামূলক গণভোট’ আয়োজন করা হবে কি না তা নিয়ে গত সোমবার গণভোট হয়। গতকাল ফলাফল প্রকাশ হতে থাকে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিবিসি ও বেসরকারি নেটওয়ার্ক সিটিভির পূর্বাভাসে ফেডারেল কাঠামোর জয়ের স্পষ্ট পূর্বাভাস পাওয়া গেছে।

প্রায় ৪৫ শতাংশ ভোট গণনার পর সরকারি ফলাফলে দেখা গেছে, কানাডার সঙ্গে আলবার্টার থেকে যাওয়ার পক্ষে ৭৬ শতাংশেরও বেশি ভোটার সমর্থন দিয়েছেন। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে এই ফলাফলকে কানাডার ঐক্যের একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফলাফলকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আলবার্টার বাসিন্দারা ঐক্যের পক্ষে স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন।’ এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘তারা (ভোটার) ঐক্য, একত্রে বিনির্মাণ ও একে-অপরের যত্ন নেওয়ার পথ বেছে নিয়েছেন।’

কার্নি নিজেও আলবার্টায় বেড়ে উঠেছেন। ভোটের আগে তিনি বিচ্ছিন্নতাবাদ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিলেন। তার যুক্তি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ ও দখল হুমকি মোকাবিলায় কানাডার স্থিতিশীলতা প্রয়োজন।

প্রদেশটির রাজধানী এডমন্টনে বিচ্ছিন্নতার পক্ষের গোষ্ঠী ‘আলবার্টা প্রসপারিটি প্রজেক্ট’-এর নেতা জেফরি রাথ সাংবাদিকদের বলেন, ফলাফল যাই হোক না কেন, স্বাধীনতার জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রাথ বলেন, ‘আমার দৃষ্টিতে ইতিমধ্যে আমরা জিতে গেছি। এখানে একটি বিশাল আন্দোলন তৈরি করেছি। বাসিন্দাদের স্বাধীনতার সুবিধাগুলো সম্পর্কে বোঝাতে সক্ষম হচ্ছি। সামনে আরও এগিয়ে যাব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত