কঙ্কালসার শরীর মাদুরের বিছানায় লেপ্টে পড়ে আছে। পাশে অন্য স্বজনরা বসে স্তব্ধ। ১১৫ বছরের অতি বৃদ্ধ মুনসুর আলীর জীবনে নেমে এলো দুর্বিষহ এক কষ্ট। তবে শরীরে বাসা বাঁধা সব রোগের কষ্টের চেয়ে বহু কষ্ট জমল মনে। শেষ সময়ে এসে সন্তানের বাধার মুখে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারছেন না তিনি। সেই কষ্টে তিনি জর্জরিত। বাবার কাছ থেকে জমি লিখে বুঝে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ বাবাকে চিকিৎসা করাতে হাসপাতালে নিতে পথ আটকে বাড়ির উঠানে টিনকাঠের বেড়া তুলে দিয়েছেন বড় সন্তান। এমনি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে।
গতকাল মঙ্গলবার এ খবর জানাজানি হলে ইউএনও ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিতে নির্দেশ দেন ইউপি চেয়ারম্যানকে। অসুস্থ মনসুর আলী ওই গ্রামের মৃত কাজীম উদ্দীনের ছেলে। অপর দিকে অভিযুক্ত ব্যক্তির নাম আবদুল কাদির (৭৫)। তিনি অসুস্থ মনসুর আলীর বড় ছেলে।
প্রতিবেশীরা জানান বৃদ্ধ বাবাকে (মনসুর আলী) হাসপাতালে নিতে বাধা দিচ্ছেন সন্তান। এটা চরম কষ্টের। সন্তানের এমন আচরণ খুবই দুঃখজনক। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃদ্ধ বাবাকে হাসপাতালে যাতে না নিতে পারে, সেজন্য ঘরের সামনে (উঠানে) দেওয়া হয়েছে বেড়া। অনেক দিন ধরেই বৃদ্ধ মুনসুর আলী বিনা চিকিৎসায় ধুঁকছেন।
ভুক্তভোগীর ছোট ছেলে মো. আবু সাঈদ বলেন, বার্ধক্যজনিত কারণে আমাদের বাবা আজ মৃত্যু শয্যায়। বাবাকে চিকিৎসা করতে হাসপাতালে নিতে পারছি না। বাসার সামনে টিনের বেড়া দেওয়া দিয়েছেন বড় ভাই। তাকে জমি লিখে না দিলে বাবাকে চিকিৎসা করতে দেবেন না তা পরিষ্কার করে জানিয়ে দেন। আমরা চরম অশান্তিতে পড়েছি। আতœীয় স্বজন প্রতিবেশী সবাই অনুরোধ করলেও বড় ভাই আবদুল কাদির বাধা তুলে নিচ্ছেন না।
অভিযুক্ত ছেলে আবদুল কাদির বলেন, আমার অংশের জমি লিখে না দেওয়া পর্যন্ত বাবাকে হাসপাতালে নিতে দেব না। এতে আমার জেল ফাঁস হলেও সমস্যা নেই। আমি এক কথার মানুষ।
ভোক্তভোগীর নাতি মো. বাচ্চু মিয়া জানান, নানা খুবই অসুস্থ। নানাকে চিকিৎসা করানোর জন্য মাকে নিয়ে আসছি। কিন্তু বড় মামার বাধার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বাড়ির সামনে দেওয়া হয়েছে বেড়া। পরে নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের আশ্রয় নেওয়া হয়েছে।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন মুরাদ বলেন, ইউএনও স্যারের নির্দেশনায় এরই মধ্যে গ্রামপুলিশের সদস্যের দ্বারা তাকে উদ্ধার করা হয়েছে। আমরা তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে ভর্তি করার ব্যবস্থা করেছি।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সব ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে। এরি মধ্যে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশা করি তার চিকিৎসা ভালোভাবে চলবে।