মানিলন্ডারিং মামলায় দিলীপ আগরওয়ালা এক দিনের রিমান্ডে

মানিলন্ডারিংয়ের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার সন্ধ্যায় বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলার এজাহারের সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত গুলশান অ্যাভিনিউয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও কার্যালয়ে চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং এসব অপরাধ সংঘটিত হয় বলে অভিযোগে বলা হয়। এ ঘটনায় গত বছরের নভেম্বরে সিআইডি গুলশান থানায় মামলাটি করে। এজাহারে আরও বলা হয়, সিআইডির অনুসন্ধানে পাওয়া ব্যাংক হিসাব, নথিপত্র ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডায়মন্ড ওয়ার্ল্ড বৈধভাবে ঋণপত্রের (এলসি) মাধ্যমে বিদেশ থেকে ৩৮ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১১ টাকা ৫২ পয়সার স্বর্ণবার, স্বর্ণালংকার ও হীরা আমদানি করেছে। অন্যদিকে একই সময়ে প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকার স্বর্ণ ও হীরা কেনাবেচা, বিনিময় বা রূপান্তর করেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। এজাহারে আরও বলা হয়, স্থানীয় বাজার থেকে কেনা এসব স্বর্ণ ও হীরার উৎস কিংবা বিক্রেতাদের বিষয়ে কোনো বৈধ নথিপত্র সিআইডির কাছে উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডকে ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা করে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা উপার্জন করেছেন দিলীপ আগরওয়ালা।