রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার-সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আবুল কালাম আজাদ (৬১), ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান মিন্টু (৬৪) এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন (৬৩)।
এডিসি জুয়েল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার তিন নেতাই আওয়ামী লীগের বিভিন্ন পদধারী কর্মকর্তা। তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করে ঢাকায় অবস্থান করছিলেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনার জন্য ওই ফ্ল্যাটে একত্রিত হয়েছিলেন।