মানবসেবাই আসল ধর্ম বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, কুমুদিনী কমপ্লেক্স একটি ব্যতিক্রমী স্থান। এখানে যা কিছু দেখেছেন, তার সবকিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে ইতিহাস। তৃতীয় প্রজন্মের হাতে পরিচালিত এ প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছে। এখানকার হাসপাতালটিও অনেক বড়।
তিনি বলেন, সবাই ধর্মের কথা বলেন, কিন্তু মানবসেবাই আসল ধর্ম। কুমুদিনী কমপ্লেক্সে এসে তিনি অত্যন্ত আনন্দিত।
এ সময় সাংবাদিকরা তিস্তা চুক্তি নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান ভারতীয় হাইকমিশনার।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্র্তৃপক্ষ তাকে স্বাগত জানায়। পরে তিনি কুমুদিনী লাইব্রেরি পরিদর্শন করেন। সন্ধ্যা ৬টার দিকে কুমুদিনী কমপ্লেক্স থেকে বেরিয়ে বজরায় নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান তিনি। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।