রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রামেকের সভাপতি ডা. এস এম তপু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। এছাড়া অতিরিক্ত দর্শনার্থীদের যখন তখন প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকেরা সব সময় হেনস্তার শিকার হচ্ছেন। এরই মধ্যে কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে হুমকিও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোগীর স্বজনদের হুমকির কারণে নারী ইন্টার্ন চিকিৎসকরা সিভিল পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হয়েছেন। পাশাপাশি অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, একজন রোগীর সঙ্গে দুজনের বেশি দর্শনার্থীর প্রবেশ বন্ধ করা, ভর্তি ও ভর্তি-পরবর্তী সময় সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর সমাধান না হলে পরবর্তী সময় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।