ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের দেখলে স্টিফেন হকিংয়ের চেহারা ভেসে ওঠে: রাবি উপাচার্য

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অদম্য মানসিক শক্তিকে জয়যাত্রার চালিকাশক্তি উল্লেখ করে তাদের জন্য ক্যাম্পাসের সব ভবনে প্রবেশগম্যতা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম।

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেছেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড ছেলেমেয়েদেরকে আমি যখন দেখি তখন আমার কাছে স্টিফেন হকিংয়ের চেহারাটি ভেসে ওঠে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও প্রবীণদের শুভকামনা জানিয়ে উপাচার্য বলেন, আমাদের পরিবারের সদস্য হয়ে আসার জন্য তোমাদের স্বাগত জানাই। যারা পড়াশোনা শেষ করে চলে যাচ্ছো, তাদের জন্যও অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা যেভাবে এই জয়যাত্রা শুরু করেছ, পরবর্তী জীবনও সেভাবেই সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।

মানসিক শক্তির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, রাতে ঘুমানোর আগে তিনি জন্মান্ধ গায়ক স্টিভি ওয়ান্ডারের গান শুনতে পছন্দ করেন, যিনি গোটা বিশ্ব জয় করেছেন। এছাড়া তিনি হেলেন কেলার ও পারকিনসন রোগে ভোগা মাইকেল জে ফক্সের উদাহরণ টেনে বলেন, অসাধারণ মানসিক শক্তি দিয়ে তাঁরা পৃথিবী জয় করেছেন, যা অনেক স্বাভাবিক মানুষও পারেন না। এটাই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূল শক্তি।

শিক্ষার্থীদের অবকাঠামোগত দাবির বিষয়ে উপাচার্য স্পষ্ট আশ্বাস দিয়ে বলেন, র‍্যাম্প, লিফট ও লাইব্রেরিতে ওঠার সুবিধার বিষয়টি প্রশাসন আগেই বিবেচনায় নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হাইরাইজ ভবনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রবেশগম্যতা নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে তৈরি হতে যাওয়া সব ভবনও তাঁদের উপযোগী করে নির্মাণ করা হবে।

বর্তমান প্রশাসনের লক্ষ্য কাজ করা—উল্লেখ্য করে তিনি বলেন, কোটি কোটি টাকার উন্নয়নকাজের মাঝে র‍্যাম্প বা লিফট নির্মাণের মতো সামান্য দাবিগুলো নিশ্চিত করা কোনো কঠিন বিষয় নয়। তিনি শিক্ষার্থীদের নিজেদের সর্বোচ্চ মানসিক শক্তি দিয়ে আগামী দিনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান এবং যেকোনো পরিস্থিতিতে তাঁদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. মামুনুর রশীদ এবং সমাজকর্ম বিভাগের সভাপতি গোলাম কিবরিয়া ফেরদৌস। এতে সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টামণ্ডলী এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত