দুমকিতে পূজামণ্ডপে অনুদান দিলেন প্রেসক্লাব নেতারা

পটুয়াখালী জেলার দুমকিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রেসক্লাব দুমকির নেতারা। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মন্দির দুটির পূজা উদ্‌যাপন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা সদরের নতুন বাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির এবং লেবুখালী ইউনিয়নের গোসাইবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন।

এ সময় প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন দুই মন্দিরের পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন। পরে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রেসক্লাবের নেতারা।

পরিদর্শনকালে প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন সুমন সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সুমন মৃধা, আইসিটি সম্পাদক রাজিবুল ইসলাম, নির্বাহী সদস্য আমির হোসাইনসহ অন্যান্য সদস্য।

পৃথক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতিরাও বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।