পটুয়াখালী জেলার দুমকিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পায়রা নদী থেকে দুটি ইঞ্জিনচালিত ট্রলার ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ দুই জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মির্জাগঞ্জ উপজেলার ভিকাখালী এলাকার মো. সুজন হাওলাদার (২৫) ও মো. ইউসুব আকন (৩৫)।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পায়রা নদীতে অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে দুই জেলেকে আটক এবং দুটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে পায়রা, লোহালিয়া ও পাণ্ডব নদীতে অভিযান অব্যাহত রয়েছে।