ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার ভাইকে অপহরণের অভিযোগ

কক্সবাজার জেলার টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মো. রফিক (৩৭) নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল পাহাড়ি অস্ত্রধারীর বিরুদ্ধে। অপহৃত রফিক বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শিলখালী এলাকার চৌকিদার পাড়ায় পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

অপহৃত মো. রফিক বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাইন্যাপাড়া এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বাইন্যাপাড়া এলাকায় এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে অবস্থিত নিজ বাড়িতে ছিলেন রফিক। এ সময় বাড়ির আশপাশে কুকুরের ডাকাডাকি শুনতে পান তিনি। বিষয়টি দেখতে বাড়ি থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ফেলে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায় তারা। এ সময় আতঙ্ক ছড়াতে অপহরণকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। 

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাতে নিজ বাড়ি থেকে মো. রফিককে পাহাড়ি অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে রফিকের বাড়ি। কুকুরের ডাক শুনে বাড়ি থেকে বের হলে কয়েকজন অস্ত্রধারী তাকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পাওয়ার পর পুলিশ রফিকের বাড়িতে অবস্থান করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।