মিলানে দাঙ্গার পর ইতালিতে মোতায়েন হচ্ছে ৫০০ সেনা

ইতালির মিলানে সপ্তাহান্তে সংঘটিত দাঙ্গায় শতাধিক পুলিশ সদস্য আহত এবং বিভিন্ন দোকানপাটে লুটপাটের ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) ঘোষিত নতুন পদক্ষেপের আওতায় অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েন, সহিংস বিক্ষোভকারীদের জন্য কঠোর শাস্তির বিধান এবং অপ্রাপ্তবয়স্কদের সংঘটিত ক্ষয়ক্ষতির জন্য তাদের অভিভাবকদের আর্থিক দায়বদ্ধতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর ফ্রান্স ২৪। 

সপ্তাহান্তে মিলানের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ব্যাপক সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের একটি বড় অংশ ছিল অপ্রাপ্তবয়স্ক। তারা বিভিন্ন দোকানে লুটপাট চালায় এবং স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এ ধরনের সহিংসতা মোকাবিলায় নতুন নিরাপত্তা পদক্ষেপ নিয়েছে ইতালির সরকার।

সরকারের জারি করা একটি ডিক্রি অনুযায়ী, চলতি বছরের শেষ পর্যন্ত মিলানে অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েন থাকবে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য তাদের অভিভাবকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া ১৪ বছরের বেশি বয়সীদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে বিচারপ্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, দাঙ্গায় বিপুলসংখ্যক তরুণের অংশগ্রহণ ছিল ‘বেদনাদায়ক ও উদ্বেগজনক’।

তিনি বলেন, ‘তরুণেরা চত্বরগুলোতে এসেছিল ভাঙচুর করতে, চুরি করতে এবং নিজেদের সেই কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতে। এই প্রবণতা আমাদের গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে, যাতে এসব দৃশ্য অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে না ওঠে।’

নতুন ডিক্রিতে বিক্ষোভে সহিংসভাবে অংশগ্রহণের জন্য পৃথক অপরাধের বিধান রাখা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার ইউরো (প্রায় ২২ হাজার ৫০০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। অপরাধী মুখ ঢেকে রাখলে কিংবা তার কর্মকাণ্ডে কেউ আহত হলে শাস্তি আরও বাড়বে।

প্রধানমন্ত্রী মেলোনি জানান, বিক্ষোভকারীদের নিজেদের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নিতে হবে। আর কোনো অপ্রাপ্তবয়স্ক এমন ক্ষতি করলে তার অভিভাবকদের ক্ষতিপূরণ দিতে হবে।

ডিক্রিটি কার্যকর রাখতে আগামী ৬০ দিনের মধ্যে ইতালির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। এতে আরও বলা হয়েছে, ১৪ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তিকে নিজের কাজের পরিণতি বোঝার সক্ষমতা রয়েছে বলে স্বয়ংক্রিয়ভাবে ধরে নেওয়া হবে, যদি না এর বিপরীতটি প্রমাণিত হয়। আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল বিচারকের।

এ ছাড়া কিশোর অপরাধীদের আটক রাখার কেন্দ্রগুলোতে শয্যাসংখ্যা বাড়ানো এবং কিশোর বিচারব্যবস্থায় আরও বিচারক নিয়োগের কথাও জানিয়েছেন মেলোনি।

শনিবার মিলানের কেন্দ্রীয় এলাকায় মুখোশ বা অন্য উপায়ে মুখ ঢেকে রাখা অনেক বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। বিক্ষোভকারীরা দোকানপাটে লুটপাট চালায় এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। রোববারও লুটপাট ও সহিংসতা অব্যাহত ছিল। দুই দিনের সংঘর্ষে শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মিলান পুলিশ জানিয়েছে, শনিবার রাতে দাঙ্গায় প্রায় দুই হাজার তরুণ অংশ নেয়। তাদের মধ্যে বিদেশি বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া ইতালির নাগরিক এবং বিদেশি নাগরিক—উভয় শ্রেণির মানুষই উল্লেখযোগ্য সংখ্যায় ছিল। সপ্তাহান্তের সহিংসতার ঘটনায় প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৩০ জনের বেশি অপ্রাপ্তবয়স্ক।

এদিকে, একই সময়ে প্রতিবেশী ফ্রান্সেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন দাবির সমর্থনে দেশজুড়ে বিক্ষোভ চলছিল। সেখানে বিক্ষোভে অংশ নেওয়া সহিংস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।