রাজস্ব সংস্কারের দাবিতে কলম্বিয়াজুড়ে বিক্ষোভ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। প্রস্তাবিত কর সংস্কার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানী বোগোতাসহ দেশটির বিভিন্ন বড় শহরে বিক্ষোভ করেন তাঁরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়েও সরকারের ওপর চাপ বাড়ছে। খবর আল জাজিরা। 

বৃহস্পতিবারের বিক্ষোভে অংশ নেন শ্রমিক সংগঠন, শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। তাঁদের মূল আপত্তি আয়কর আরোপের সীমা কমানো, স্বাস্থ্যসেবা খাতে নাগরিকদের চাঁদা বাড়ানো এবং করপোরেট কর কমানোর সরকারি প্রস্তাব নিয়ে।

বার্তা সংস্থা এএফপিকে ২১ বছর বয়সী মনোবিজ্ঞানের শিক্ষার্থী লেইডি গুতিয়েরেজ বলেন, ‘কলম্বিয়ার একটি বড় অংশ নিজেদের অনিরাপদ ও অসহায় বোধ করছে। অথচ ধনীরাই আরও বেশি অর্থসম্পদের মালিক হচ্ছে।’

সরকারের প্রস্তাব অনুযায়ী, মাসে প্রায় ৯৮৫ ডলারের বেশি আয় করেন—এমন ব্যক্তিদের আয়কর দিতে হবে। বর্তমানে এই সীমা প্রায় ১ হাজার ৪১৯ ডলার। অর্থাৎ, আয়করের আওতা আরও বিস্তৃত করতে চায় সরকার।

সরকারের দাবি, চলমান রাজস্ব সংকট মোকাবিলায় এসব সংস্কার জরুরি। আগামী বছর দেশটির বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ব্যাপক সমালোচনার মুখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর কর বাড়ানোর বিতর্কিত একটি প্রস্তাব ইতোমধ্যে প্রত্যাহার করেছে দে লা এস্প্রিয়েলার সরকার।

বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পরিবারের আয় ও জীবিকা হুমকির মুখে ফেলতে পারে—এমন সরকারি নীতির বিরুদ্ধে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা বলেছেন, নাগরিকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে সড়ক অবরোধ কিংবা তাঁর ভাষায় ‘নগর সন্ত্রাসবাদ’ কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত