নতুন অধ্যায়ে নাফিজা

এক সময়ের ব্যস্ত টিভি অভিনেত্রী নাফিজা জাহান অভিনয় ছেড়ে অনেকদিন ধরেই বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই প্রথমবার মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন নাফিজা ও তার স্বামী রাজীব হাসান। তবে সন্তান জন্মের নির্দিষ্ট তারিখ জানাননি তারা। নাফিজার স্বামী রাজীব হাসান ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা অভিনেত্রীর একটি ছবি প্রকাশ করেন। সঙ্গে লেখেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

নবজাতক ও তার মায়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন রাজীব। তিনি লেখেন, ‘আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।’ নাফিজাও আলাদা করে নিজের ফেসবুকে সদ্যোজাত মেয়ের হাতের ছবি প্রকাশ করেছেন। সেখানে মেয়েকে নিজের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। তার পোস্টের পর শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

এর আগে গত সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নাফিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের ছবিও ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে স্বামী রাজীব হাসানের পাশাপাশি উপস্থিত ছিলেন মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ ও চিত্রনায়ক কাজী মারুফ।২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে যুক্তরাষ্ট্রে সংসার শুরু করলেও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন তিনি।