চট্টগ্রাম মহানগর ডিবি (দক্ষিণ) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় মো. রুহুল আমিন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গ্রেপ্তার ট্রাক চালক মো রুহুল আমিন (৪৫) পাবনা জেলার আতাইকুলা থানাধীন ধর্মগ্রামের সোহরাব আলী ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত দেড়টার দিকে নগরের মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতপাশে ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের পাটাতনের নিচের চেম্বারে বিশেষ কায়দায় রাখা ইয়াবার চালানটি জব্দ করা হয়। এঘটনায় জড়িত ট্রাকচালক মো রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
রুহুল আমিনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।