চট্টগ্রামে ট্রেন ছাড়তে দেরি, স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে বিক্ষোভ

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেস। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা চট্টগ্রাম রেলস্টেশনে বিক্ষোভ করেছেন। এ সময় তারা স্টেশন মাস্টারকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। 

বুধবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বিক্ষোভের সময় স্টেশন মাস্টারের কক্ষে ভাঙচুরের গুঞ্জন ছড়ালেও তা অস্বীকার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের নির্ধারিত ছাড়ার সময় ছিল সকাল ৭টা ৫০ মিনিট। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও ট্রেনটি ছেড়ে না যাওয়ায় প্ল্যাটফর্মে থাকা কয়েক শ যাত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল সাড়ে ১০টার দিকে ৭০ থেকে ৮০ জন যাত্রী স্টেশন মাস্টারের কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বেলা ১০টা ৫০ মিনিটে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে অন্য একটি ট্রেনে যুক্ত করার কারণে এ বিলম্ব হয়েছে। তবে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যালিং জটিলতার পাশাপাশি সিলেট থেকে আসা সংযোগকারী ট্রেনটি প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছানোয় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, সিলেট থেকে আসা ট্রেনের ইঞ্জিন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় সিলেটগামী ট্রেনে যুক্ত করতে হয়। মূলত ইঞ্জিন-সংকটের কারণেই ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত