খালার বাড়িতে বেড়াতে গিয়ে সোমেশ্বরীতে ডুবে কিশোরের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. সিফাত নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলারবিজয়পুর রানীখং এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত মো. সিফাত (১৫) উপজেলার কাঁকড়াকান্দা গ্রামের মো. ইউসুফের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার সকালে বহেরাতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে সিফাত। দুপুরে খালাতো ভাই আলী হাসানকে সাথে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর তীব্র স্রোতে ভেসে গেলে বাঁশ ধরে খালাতো ভাই আলী হাসান তাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু পরে পুনরায় স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়দের সহায়তায় স্বজনরা সিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হুরে জান্নাত শিমুল তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যেখানে ঘটনা ঘটেছে সেখানে সরজমিনে তদন্ত চলছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।