বিরতি ভেঙে প্লে-ব্যাকে মনির খান

লম্বা বিরতি ভেঙে আবারও প্লে-ব্যাক করলেন কণ্ঠশিল্পী মনির খান। মেহেদী হাসান পরিচালিত ‘আলো’ সিনেমার জন্য নতুন একটি গান গেয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। 

এরইমধ্যে মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েয়ে। দীর্ঘদিন পর সিনেমার গানে কাজ করতে পেরে উচ্ছ্বসিত কণ্ঠে মনির খান বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’ 

আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও পরিচিতি রয়েছে মনির খানের। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার কণ্ঠের স্বতন্ত্র ধরন ও আবেগময় গায়কী শ্রোতাদের কাছে তাকে আলাদা পরিচিতি দিয়েছে। বিরতির পর নতুন সিনেমার গানে তার অংশগ্রহণ তাই সংগীতাঙ্গনে নতুন আগ্রহ তৈরি করেছে। 

‘আলো’ সিনেমার গানটি কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে মনির খানের কণ্ঠের সঙ্গে কবির বকুলের কথার মেলবন্ধনে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।