রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে : মনির খান

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লাকে অসন্মান করা হয়েছে বলে মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক মনির খান। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২৪ জুলাই) ছিল রুনা লায়লার প্রথম একক সংগীত সন্ধ্যা। অনুষ্ঠানে দর্শককে মুগ্ধ করলেও একই দিনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মনির খান। 

বিষয়টি নিয়ে এই কণ্ঠশিল্পী বলেন, 'একই দিনে বিদেশি শিল্পী এনে রুনা লায়লাকে অসম্মান করার কোনো দরকার ছিলো না। এটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একটা ডেট পরিবর্তন করার দরকার ছিলো। রুনা লায়লার প্রোগ্রাম হচ্ছে রাস্ট্রীয়ভাবে, সেই প্রোগ্রামকে সম্মান করার দরকার ছিল।' ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না ঘটে, সে আহ্বানও জানান তিনি। 

রুনা লায়লার অবদান তুলে ধরে মনির খান আরও বলেন, 'বাংলাদেশে রুনা লায়লার দ্বিতীয় কেউ হবে না। আমরা একদিন চলে যাব, রুনা লায়লাও একদিন থাকবেন না। কিন্তু রুনা লায়লার মতো শিল্পী বাংলাদেশে আর সৃষ্টি হবে না।' 

শুক্রবার মঞ্চে রাষ্ট্রীয়ভাবে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় রুনা লায়লাকে। একই সময়ে রাজধানীর ১০০ ফিট এলাকার মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের কনসার্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত