ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিময় মানিকগঞ্জ গড়তে চাই : খাদ্যমন্ত্রী

‘জনগণের সেবা করাই আমার মূল কাজ। আমার কাজ একটাই-সেবকের কাজ, দেশসেবার কাজ। আমরা কোনো দ্বন্ধে জড়াতে চাই না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিময় মানিকগঞ্জ গড়তে চাই।’ এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আংগারিয়া মহল্লায় শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব জনগণের সেবা করা। কে তাকে ভোট দিয়েছেন আর কে দেননি, তা বিবেচনায় না নিয়ে সবার কল্যাণে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় জনপ্রতিনিধিদের আন্তরিক হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দলের দুঃসময়ে পাশে থাকা নেতাকর্মীদের প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে মানিকগঞ্জের যেসব নেতাকর্মী তার পাশে ছিলেন, তাদের অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। জনগণ তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের মধ্য দিয়ে সবার আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চান বলেও উল্লেখ করেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, সততা ও জনকল্যাণে কাজ করার মানসিকতাকে গুরুত্ব দেওয়া উচিত। টাকার প্রলোভনে প্রভাবিত না হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে খাদ্যমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখতে হবে। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আংগারিয়া পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ন ম নুরতাজুল আলম বাহার, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, উপজেলা

পরিষদের সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান রোমান, সিংগাইর পৌরসভার সাবেক মেয়র খোরশেদ আলম ভূঁইয়া জয়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।