যুবক অপহরণ করে মোটরসাইকেল লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরে এক যুবককে অপহরণ করে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন লুটের ঘটনায় পুলিশ কনস্টেবলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বায়েজিদ লিংক রোড ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তাদের হেফাজত থেকে লুট হওয়া মোটরসাইকেলসহ তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, পুলিশ কনস্টেবল অনিক দাশ (২৭), ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন (৩৯), মহিউদ্দিন সেলিম (৫২) ও মোহাম্মদ ওয়াহেদ নাছির ডায়মন্ড (৩৮)। অনিক দাশ বান্দরবান জেলা পুলিশে কর্মরত বলে জানা গেছে।  

পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে মারুফুর রহমান অপুসহ তিন বন্ধু তিনটি মোটরসাইকেলে কক্সবাজার রওনা হন। পরদিন রাত দেড়টার দিকে নগরের জাকির হোসেন সড়কে ফয়’স লেক এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল দিয়ে পথ আটকানো হয়।

হামলাকারীরা অপুকে মারধর করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে তুলে নেয়। পরে তাকে বিভিন্ন স্থানে ঘোরানোর পর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ফেলে রেখে যায়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে নেওয়া হয়। 

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ফেসবুকে মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞপ্তি দেখে অপু ক্রেতা সেজে যোগাযোগ করেন। অগ্রিম পাঁচহাজার টাকা দেওয়ার পর মোটরসাইকেল হস্তান্তরের কথা বলে তাকে বায়েজিদ লিংক রোডে যেতে বলা হয়। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে প্রথমে অনিক দাশকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়াহিদ মোহাম্মদ, জেবল হোসেন ওরফে অনিক ওয়াহিদ, মহিউদ্দিন সেলিম ও নাছির ওরফে ডায়মন্ডকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের হয়েছে।