কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত: ১১ ঘণ্টাতেও শেষ হয়নি উদ্ধারকাজ, প্রকৌশলী বরখাস্ত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১১ ঘণ্টা পার হলেও উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়নি। এ ঘটনায় অবহেলার অভিযোগে রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারহান মাহমুদ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত অন্যদের শনাক্ত করতে ৫ বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, লাইনচ্যুত হওয়া ওই অংশে রেললাইনে মেরামতকাজ চলছিল। তবে ট্রেনের চালককে এ বিষয়ে পূর্বাহ্নে কিছু জানানো হয়নি।

একই সুর পাওয়া গেছে নাঙ্গলকোটের স্টেশন মাস্টার জামাল হোসেনের বক্তব্যেও। কর্ণফুলী কমিউটার ট্রেনটিকে ‘লাইন ক্লিয়ারেন্স’ পেপার দেওয়া এই স্টেশন মাস্টার দাবি করেন, রেললাইনে মেরামতকাজ চলার বিষয়ে তাকেও কোনো আপডেট বা তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসাম উপজেলার নাওটি স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।