কুমিল্লায় গরম তেল নিক্ষেপকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:০৬ এএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজারে চায়ের দোকানের এক কর্মচারীর ওপর গরম তেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কয়েক দফায় ভোলাইন বাজারে এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভোলাইন গ্রামের চায়ের দোকানের কর্মচারী ফারুক (৩২) এবং আদ্রা গ্রামের রঙু মিয়ার ছেলে বাক্‌প্রতিবন্ধী মনির (৩০)। আহত ব্যক্তিরা লাকসাম ও নাঙ্গলকোটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাইন বাজারের হারুনের চায়ের দোকানে তাঁর ছেলে শিবলুর সঙ্গে দোকানের কর্মচারী ফারুকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিবলু ফারুকের শরীরে গরম তেল নিক্ষেপ করেন। এতে ফারুকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

এ ঘটনার জেরে ভোলাইন ও আদ্রা গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

একপর্যায়ে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। সংঘর্ষের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত