আবেগাপ্লুত সারা

বলিউড অভিনেত্রী সারা আলি খান। অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন তিনি। তার কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘উড়তা তীর’-এর প্রচারে সহশিল্পী আয়ুষ্মান খুরানার সঙ্গে পাঞ্জাবে যান সারা। দশেরা উপলক্ষে তারা অমৃতসরের দরবার সাহিবে প্রার্থনা করতে যান। সেখানে দুজনকে সাদা পোশাকে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়। এ সময় সারাকে আবেগ সামলাতে না পেরে কাঁদতে দেখা যায় একটি ভিডিওতে।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে আয়ুষ্মানের সঙ্গে মন্দিরে তোলা একটি ছবিও প্রকাশ করেন সারা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ দশেরা। সবার জন্য ভালোবাসা, সৌভাগ্য ও হাসি কামনা করছি।’

সারার কান্নার ভিডিও ছড়িয়ে পড়তেই তার আবেগের কারণ জানতে চান অনেকে। কেউ তার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ মুহূর্তটিকে প্রার্থনার সময়ের আবেগঘন অভিজ্ঞতা হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে অভিনেত্রী নিজে কোনো ব্যাখ্যা দেননি।

আকাশ এ কৌশিক পরিচালিত ‘উড়তা তীর’ সিনেমায় সারা ও আয়ুষ্মানকে প্রধান চরিত্রে দেখা যাবে। আগামী ২৩ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।