আলোচনায় খায়রুল- সাদনিমার

তোমার ঠিকানায়

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম

ছোট পর্দার দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান অভিনীত নাটক ‘তোমার ঠিকানায়’। ইউটিউবে নাটকটির ভিউ ছাড়িয়েছে ১ কোটি ৭০ লাখ। অল্প সময়ের মধ্যে এমন সাফল্য নতুন করে আলোচনায় এনেছে এই জুটিকে।

২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় সেরনিয়াবাত শাওন পরিচালিত নাটকটি। এতে অয়ন ও ফারিয়া চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা। তাদের সঙ্গে আরও আছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, সমাপ্তি, মাশুকসহ অনেকে।

নাটকটির সাফল্যের পেছনে অন্যতম আকর্ষণ দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়ন। স্বাভাবিক অভিনয়, সংলাপের উপস্থাপন এবং চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা তাদের জুটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। নাটকটি মূলত কিছু অভিমান, না বলা কথা, সুন্দর স্মৃতি আর একরাশ ভালোবাসার আবেগঘেরা রোমান্টিক গল্প ফুটিয়ে তোলা। সম্পর্কের গভীরতা এবং মনস্তাত্ত্বিক টানাপড়েন নাটকটির মূল আকর্ষণ। এ জুটি এর আগে ‘গোল্ডফিশ’, ‘বই পোকা’, ‘ভটভটি’ ও ‘মনডুবি’ নাটকে অভিনয় করেছেন তারা। তবে ‘কাছের কেউ’ নাটকের মাধ্যমে জুটি হিসেবে বিশেষ পরিচিতি পান দুজন। এবার ‘তোমার ঠিকানায়’ সেই জনপ্রিয়তায় যোগ করেছে নতুন মাত্রা।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সেরনিয়াবাত শাওন। এর আবহ সংগীতের পাশাপাশি ‘কোথায় কোথায়’ গানটিও নাটকের অন্যতম সংযোজন। গানটির কথা ও সুর করেছেন অ্যাপল মাহমুদ এমিল। গেয়েছেন এমিল ও দেবশ্রী অন্তরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত