জোছনায় ফেরা

ইরফান সাজ্জাদ ও আইশা খানের ‘জোছনায় ফেরা’ শফিকুর রহমান শান্তনু রচিত ও চয়নিকা চৌধুরী পরিচালিত নতুন নাটক ‘জোছনায় ফেরা’ ইউটিউবে মুক্তির মাত্র তিন দিনেই তিন মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেছেন। স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের এক ভিন্নমাত্রিক আবেগঘন গল্প নিয়ে নির্মিত এই নাটকটি বর্তমানে দর্শকরা উপভোগ করছেন।

নাটকটিতে মূল স্বামী-স্ত্রীর চরিত্রে নিখুঁত অভিনয় উপহার দিয়েছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারকে। গল্প ও শিল্পীদের প্রাণবন্ত অভিনয়ের পাশাপাশি নাটকের ‘তুই সব থেকে দামি’ গানটিও প্রশংসিত হচ্ছে। গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন, আর রেজওয়ান শেখের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ান শেখ ও কোনাল।

পরিচালক চয়নিকা চৌধুরী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তৈরি হওয়া তার নিজস্ব নির্মাণশৈলী ও দর্শকদের ভালোবাসাই এই সাফল্যের মূল কারণ। দর্শক সব সময়ই তার কাছ থেকে মানসম্মত কাজের প্রত্যাশা করেন এবং তিনি সে চেষ্টা অব্যাহত রাখবেন।

প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের নির্বাহী পরিচালক মিজানুর রহমান বকুল চয়নিকা চৌধুরীর রজতজয়ন্তীতে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জোছনায় ফেরা’ নাটকটি দেশে ও বিদেশে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। ভালো গল্পের পাশে থেকে দর্শকপ্রিয় কাজ উপহার দেওয়ার ধারা অব্যাহত রাখতে চায় লেজার ভিশন।