প্রবাসীদের ভালোবাসায় ভাসছি

সংগীতের আঙিনায় নিজের দরদী কণ্ঠ দিয়ে বহু আগেই শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নোলক বাবু। কখনো স্টেজ শো, আবার কখনো নতুন গানের সুর-সংগীতে। প্রতিনিয়ত ব্যস্ত আছেন নতুন কাজ নিয়ে। প্রায় ২০ দিনের সংগীত সফরে তিনি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাজ্যে। গাইছেন বিভিন্ন শহরের ব্যস্ত কনসার্টে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য কাজ প্রসঙ্গে বিস্তারিত কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ

যুক্তরাজ্যে এবারের সফরটি কেমন উপভোগ করছেন এবং শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?

সত্যি বলতে, দেশের বাইরে প্রবাসী ভাইবোনদের সামনে গান গাওয়ার অনুভূতি সবসময়ই অন্যরকম ভালোবাসার। এর আগে আয়ান টিভির আমন্ত্রণে এসে দুই মাসে বারোটির মতো শো করেছিলাম। এবারও হিন্দু সোসাইটি পূজা কমিটির বিশেষ আমন্ত্রণে আসা। কভেন্ট্রি, বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফসহ লন্ডনের বিভিন্ন স্থানে ১০-এর বেশি আছে। ইতিমধ্যে বেশ কয়েকটিতে গাওয়া শেষ। শ্রোতাদের যে উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসা পাচ্ছি, তা এক কথায় অসাধারণ। আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত কনসার্টের এই ব্যস্ততা চলবে, তারপরই দেশে ফিরব।

শুনলাম লন্ডনেই নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং করলেন?

‘মেঘে ঢাকা আকাশ’ শিরোনামের একটি নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। শুধু স্টেজ শো নয়, নতুন কিছু গান নিয়ে বেশ বড় পরিসরে কাজ করছি। গানটির কথা সামসুজ্জামান স্বপনের, আর সুর ও সংগীতের কাজটা আমি নিজেই করেছি। চিত্রায়ণও বেশ চমৎকার হয়েছে, আশা করছি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

নতুন ১০টি গানের একটি বিশেষ প্রজেক্ট হাতে ছিল, সেটির অগ্রগতি কতদূর?

লন্ডনে বসেই ১০টি নতুন গানের প্রজেক্ট গুছিয়ে ফেললাম। এর মধ্যে তালুকদার সোহেলের কথায় চারটি গানের কাজ পুরোপুরি শেষ। এই গানগুলোতে সুর আমার এবং সংগীত পরিচালনা করেছেন সাদ।

এই প্রজেক্টে তরুণ সিংয়ের লেখা ফোক ঘরানার একটি এবং ‘বন্ধু’ শিরোনামের আরও একটি গানে সুর করেছি। এছাড়া ম্যানচেস্টার প্রবাসী উর্মির সঙ্গে একটি ডুয়েট গান প্রস্তুত, কেবল ভয়েস রেকর্ডিং বাকি।

বাকি গানগুলোর কথা এবং সুরের বৈচিত্র্য সম্পর্কে জানতে চাই...

প্রজেক্টটিতে বৈচিত্র্যময় সব গান রাখা হয়েছে। তালুকদার সোহেলের কথায় ‘তোমার কথা শুধু মনে পড়ে’ গানটির রেকর্ডিং খুব শিগগিরই সম্পন্ন হবে। এর বাইরে জুনায়েদ আহমেদের কথায় ‘পাখি’, ‘সিলেটি মাইয়া’, ‘যাব মদিনায়’, ‘ভা-ারী’, ‘দেখো সূর্য হাসছে’ এবং ‘সোনা বন্ধুরে তোর লাগি আমার পরান পোড়ে’ এই গানগুলোর কাজও শেষ পর্যায়ে। ফোক, সুফি থেকে শুরু করে আধুনিক মেলোডি সব স্বাদের গানই এতে থাকছে।

গানগুলো প্রকাশের পরিকল্পনা কী এবং দৃশ্যধারণ কোথায় করার চিন্তা করছেন?

লন্ডনে অডিওর কাজ সম্পন্ন হলেও দৃশ্যধারণের ক্ষেত্রে দেশে এসেই করব। গানগুলোর মিউজিক ভিডিও আমাদের সুনামগঞ্জের হাওর-সহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে করার ইচ্ছে রয়েছে। সফর শেষে দেশে ফিরেই শুটিং শুরু করব। এরপর একে একে গানগুলো ‘নোলক বাবু অফিশিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হবে।